জাবিতে জাতীয় প্রোগ্রামিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাবি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে প্রথমবারের মতো অনুষ্ঠিত ন্যাশনাল কলেজিয়েট প্রোগ্রামিং কনটেস্ট (এনসিপিসি)-২০২৩ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দল 'অ্যাসেন্ডিং'। প্রথম রানার্স আপ হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দল 'শাস্ট গেস্ট ফোর্সেস' এবং দ্বিতীয় রানার্স আপ হয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের দল 'বুয়েট নাইটফল'।
প্রতিযোগিতার সমাপনী দিন শনিবার (৯ মার্চ) সন্ধ্যায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ ও বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ এ মামুন বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক স্বর্ণালী বসাকের সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে একই বিভাগের সভাপতি অধ্যাপক মো. গোলাম মোয়াজ্জাম, অধ্যাপক ড. মোহাম্মদ জাহিদুর রহমান, অধ্যাপক ড. যুগল কৃষ্ণ দাস, অধ্যাপক ড. এমদাদুল ইসলাম, অধ্যাপক ড. মো. আবুল কালাম আজাদ, অধ্যাপক ড. আবু সৈয়দ মো. মোস্তাফিজুর রহমান, অধ্যাপক ড. এজহারুল ইসলাম, বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আশরাফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
শুক্রবার (৮ মার্চ) শুরু হওয়া দুই দিনব্যাপী জাতীয় প্রোগ্রামিং কনটেস্ট প্রতিযোগিতায় সরকারি ও বেসরকারি ৭১টি বিশ্ববিদ্যালয়ের ছয়শ শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের ১১৭ টি বিশ্ববিদ্যালয়ের ১১০০টি দলের ৩৩০০ শিক্ষার্থীর মধ্যে অনলাইন প্রতিযোগিতার মাধ্যমে বাছাই করা হয়।







